পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন-এর মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণ করা হয়।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিবেশবিদ বাপ্পি সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়া। এছাড়া কর্মসূচিতে উপজেলা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় শিশু-শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাপ্পি সরদার বলেন, “ঐতিহ্যবাহী শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় গাছ লাগাতে পেরে আমরা আনন্দিত। বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্বীকৃতি পাওয়ায় এখন নিয়মিত দর্শনার্থীদের আনাগোনা থাকে। পরিবেশ বিপর্যয় রোধে ও আগামী প্রজন্মকে রক্ষায় সমাজের সচেতন মানুষদের নিয়মিত বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি মো. সাইফুল্লাহ বলেন, “অবাধে গাছ কাটা এবং অবৈধ ইটভাটার দূষণ শ্রীপুর উপজেলার পরিবেশ ও জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। সবুজ আন্দোলনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই।”




