আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিনা হায়াৎ আইভী আদালত প্রাঙ্গণে এসে রাজনীতি করতে চাচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নারায়ণগঞ্জের মানুষ তার এই অভিলাষ পূরণ হতে দেবে না।

সাখাওয়াত হোসেন বলেন, আদালতপাড়ায় যারা স্লোগান দিয়েছেন, তাদের প্রত্যেককে ছবি দেখে গ্রেফতার করতে হবে। ভবিষ্যতে গ্রেফতারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হলে কিংবা প্রশাসন ব্যর্থ হলে, এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব আইনজীবী আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাবেক মেয়র, আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউসের বাড়ির ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনিও কিন্তু ভালো থাকবেন না।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আইনজীবী জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আইনজীবী আব্দুল গাফ্ফার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী সরকার হুমায়ুন কবির ও আইনজীবী আলম খানসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

এর আগে, গত ১৩ অক্টোবর তুহিন হত্যা মামলায় নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top