ইরান যুদ্ধকে অবৈধ হিসেবে বর্ণনা করে চলমান সংঘাত বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ চায় না আপনি হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তন করুন।’
ট্রাম্পকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান স্যান্ডার্স। তিনি এই সংঘাতকে ‘অবৈধ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। স্যান্ডার্সের দাবি, যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে প্রতি গ্যালন ৫ দশমিক ৬৯ ডলার এবং পেট্রলের দাম ৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
ট্রাম্পকে উদ্দেশ্য করে স্যান্ডার্স বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো উন্মাদ রাজা নন। সেই অনুযায়ী আচরণ করুন।’
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
সূত্র: জিও নিউজ



