সরকারের নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা কর্মরত অবস্থায় কোন রাজনৈতিক পরিচয় কিংবা পদ বহন করতে পারবেন না। অথচ এসব নিয়ম নীতি কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভোলার চরফ্যাশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটিতে সাংগঠনিক পদ ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশনের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলু’র বিরুদ্ধে। আর এসব অভিযোগ আমলে নিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন এ কর্মকর্তা।
বরখাস্তের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। তার এই সংবাদ সম্মেলন ঘিরে সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুসরণের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।
অফিস আদেশের মর্মানুযায়ী জানা গেছে, সফিউল্লাহ জগলু ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। সংযুক্তিতে তিনি চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
আদেশে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সফিউল্লাহ জগলু এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রযোজ্য বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তের খবর প্রকাশের পর স্ব-পদে বহাল তবিয়তের থাকার আশায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন। ব্যর্থ হয়ে সোমবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সফিউল্লাহ জগলু।
তবে সরকারি কর্মচারী হিসেবে তার গণমাধ্যমে বক্তব্য দেওয়া ও সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে চাকরির আচরণবিধি লংঘন ও অনুসরণের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে উঠেছে বলে জানিয়েছেন তার কর্তৃপক্ষ।
এ বিষয়ে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা (বিধি ২২) অনুযায়ী, সরকারি কর্মচারীরা বিভাগীয় প্রধানের অনুমতি বা নিজ দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া গণমাধ্যমে কথা বলতে, মতামত প্রকাশ করতে বা সংবাদ সম্মেলন করতে পারবেন না।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক বলেন, ওই কর্মকর্তা সংবাদ করেছে বিষয়টি আমার জানা নাই। তাকে সাময়িক বরখাস্ত করেছে এটা বিভাগীয় চাকরির অংশ। তবে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন না।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।



