“এ দেশে আমারও যতটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এখানে ভেদাভেদের কোনো সুযোগ নেই।” শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পেচোর বাঁওড় এবং ছোট আঁচড়া সার্বজনীন পূজা মণ্ডপ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।
পূজা উদযাপন কমিটির প্রতি সংহতি ও সহযোগিতা হিসেবে প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক বলেন, “আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। বহু বছর ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব যেন আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।”
আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়ের এ সময় পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের এমন উদ্যোগ ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুণ্যার্থীরা।




