মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, এ সরকার সিল মেরে, রাতে ভোট দিয়ে, জোর করে নির্বাচিত হয় নাই, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। তিনি বলেন,অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে পেরেছি। তাই জনগণের চোখের ভাষা বুঝে জনগণকে ভালবেসে তার কাজ করে দিতে হবে। আপনারা জনগণকে ভালোবাসবেন আমি জনগণের উন্নয়ন করব। কেউ দখলদারি চাঁদাবাজিতে লিপ্ত হবেন না। তিনি বন বিভাগের লোকদের উদ্দেশ্যে বলেন, আটিয়া বল অধ্যাদেশ ৮২ কালো আইন বাতিল করার জন্য আমি বহুবার সংসদে বলেছি, যতবার সুযোগ পাব ততবারই সংসদে বলবো এছাড়া বন ও পরিবেশ মন্ত্রীকেও বলেছি বারবার বলব, এই কালো আইন বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ। বন বিভাগের লোকজন আপনারা আপনাদের কাজ করবেন জনগণকে বিভ্রান্ত করবেন না। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরকার শহীদ ঐর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালহে মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর বিশ্বাস ,সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম সিকদার , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ। জনাব আযম খান আরও বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী সাড়ে চার বছর পর ফুলেল শুভেচ্ছায় ভোট প্রার্থনা করব। এর আগে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।




