রংপুরের বদরগঞ্জে মাদক বিস্তারকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। তার বক্তব্যের পর মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এবং ওসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে বদরগঞ্জের জামুবাড়ী পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কমল লোহানী এ কথা বলেন।
প্রকাশ্যে ফুটবল খেলার এক অনুষ্ঠানে তিনি ওসিকে ‘মাদকের ডিলার’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তার পৃষ্ঠপোষকতার কারণেই এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। তবে বিএনপি নেতার এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ওসি হাসান জাহিদ সরকার। তার দাবি, পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি কমল লোহানী বলেন, বদরগঞ্জে মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। বর্তমান থানার ওসি মাদকের পৃষ্ঠপোষকতা করছেন এবং তার কারণেই এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। বক্তব্যে তিনি ওসিকে সরাসরি ‘মাদকের ডিলার’ বলেও আখ্যায়িত করেন। তবে ওসির বিরুদ্ধে কমল লোহানীর এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমান পাওয়া যায়নি।
পৌর বিএনপি সভাপতির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, রাজনৈতিক নেতারা কে কি বলবেন, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে পুলিশ তার দায়িত্বের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ওসি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার আছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে পুলিশও মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয়।



