কঁচা নদীতে মৎস্য বিভাগের অভিযান, আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে সহযোগিতা করে নৌ পুলিশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ ধরা হলে মা ইলিশের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

তিনি আরও বলেন, অভিযানে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top