কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯জন 

 

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে অপরাধমুক্ত করার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৫ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ১ জন ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।

​গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা মোঃ জোবায়ের প্রকাশ লালু (২৪) এবং ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার (বর্তমান কুতুবদিয়া পাড়া) বাসিন্দা মোঃ হেলাল হোসেন প্রকাশ হেলাল (২১)। আটক জোবায়েরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এছাড়া হেলালের বিরুদ্ধে ৫৪ ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​অন্যদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চৌফলদণ্ডী ইউনিয়নের মাঝের পাড়ার মঞ্জুর আলম (২১), চট্টগ্রামের সাতকানিয়ার লাল দিঘীর পাড়ের মোঃ অপু (২৯), লাইট হাউজ পাড়ায় বসবাসকারী মহেশখালীর কুতুবজোনের মোঃ তারেক (২১), পাহাড়তলী হালিমা পাড়ার মোহাম্মদ ছোপায়েত (২০) এবং ঝিলংজা ইউনিয়নের হাজীর পাড়ার মোঃ মাছুম (১৯)। এছাড়া ধর্তব্য অপরাধে জড়িত থাকায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শাশপুর গ্রামের সামিনুজ্জামান এবং পরোয়ানা মূলে খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বাসিন্দা মোঃ কোরবান আলী নূরীকে (২২) গ্রেপ্তার করা হয়।

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top