পিরোজপুরের কাউখালীতে কচা নদীতে ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৭ হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাউখালী উপজেলার কচা নদীতে এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে মৎস্য বিভাগ ও কাউখালী নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে আনুমানিক ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় নদীতে অবৈধ জালের ব্যবহার রোধ করা জরুরি। এ লক্ষ্যে নদীতে নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইলিশের সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



