কচুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা”

চাঁদপুরের কচুয়ায় বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার রহিমানগর বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মূল্য তালিকা না রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামিয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা।

অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় পচা ও ক্ষতিকর খাবার ধ্বংস করা হয় এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে কচুয়া উপজেলা স্যানিটারি কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ তালুকদার ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top