কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পপি আক্তার আলো (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহেরপাথর এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পপি আক্তার আলো ওই এলাকার লিটন মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরপাথর এলাকায় লিটন মিয়া ও তাঁর স্ত্রী পপি আক্তার আলোর বিরুদ্ধে মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কটিয়াদী মডেল থানার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পপি আক্তার আলোকে তাঁর বসতঘর থেকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে নয়টি জিপার প্যাকেটে রাখা ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো নিজের হেফাজতে রেখেছিলেন পপি আক্তার আলো। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদক বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




