কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুলেরঘাট থেকে বনগ্রাম বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ ছিল।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে এবং জামায়াতের নবীন সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রঞ্জনের সহায়তায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো সড়ক সংস্কারের কাজ পরিচালনা করা হয়।
সংস্কারকাজ পরিদর্শন করেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং মেজর (অব.) মো. আখতারুজ্জামানের কনিষ্ঠ ছেলে ও সমাজসেবক মোহাম্মদ সাব্বির জামান রনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু ঈসা আফি আনহু, সেক্রেটারি জুনায়েদ মাস্টার, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলেরঘাট-বনগ্রাম বাজার সড়কটি কটিয়াদীর কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে বিশেষ করে বর্ষাকালে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
গর্ত এড়িয়ে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। রোগী বহনকারী যানবাহন, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে।
চলমান সংস্কারকাজে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসীর মতে, এ ধরনের সাময়িক সংস্কারের পাশাপাশি সড়কটির পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কার জরুরি।
স্থানীয় বাসিন্দারা বলেন, জনসাধারণের দুর্ভোগ কমাতে স্থানীয়ভাবে সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। তবে সড়কটি দীর্ঘস্থায়ীভাবে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।
তাঁরা দ্রুত সড়কটির সার্বিক অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং টেকসইভাবে সড়ক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।