কালীগঞ্জে বেড়েছে দুর্গাপূজার মণ্ডপ, নিরাপত্তায় প্রশাসনের বিশেষ নজরদারি

ঢাকের বাদ্য, প্রতিমা দর্শন আর ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজার্চনা ও নানা আয়োজন। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ উৎসব আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
চলতি বছর কালীগঞ্জ পৌরসভায় ১৫টি এবং উপজেলার ১১টি ইউনিয়নে ৮৮টিসহ মোট ১০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে তিনটি। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। পাশাপাশি ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিবু পদ বিশ্বাস বলেন, এবার কালীগঞ্জে ১০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে এবং এ জন্য প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার পূজামণ্ডপগুলোতে নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আটটি পূজামণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। এ উৎসব যাতে সবাই আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। উৎসবের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
উৎসবের শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আগামী ২১( অক্টোবর) বুধবার  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে

Scroll to Top