কালীগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

 

ঝিনাইদহের কালীগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ এবং সার সংকটসহ তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. আবু তালিব সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সার বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও উৎপাদন ব্যয়ের ওপর পড়ছে। এ পরিস্থিতিতে জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

মানববন্ধন থেকে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা, সার সংকট নিরসন এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।

বাবুল আক্তার

ষ্টাফ রিপোর্টার

০১৭৪৮৮১৮০৮৭

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top