কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এর পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। জেলা পুলিশের তথ্যমতে, মাদকসংক্রান্ত অপরাধে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ভৈরবে ১৩ জন, কিশোরগঞ্জ সদরে ১১ জন এবং কটিয়াদীতে ১০ জন রয়েছেন। এছাড়া ইটনায় ৬, করিমগঞ্জে ৫, হোসেনপুরে ৪, কুলিয়ারচরে ৪, বাজিতপুরে ৩, ডিবিতে ৩, তাড়াইলে ২, মিঠামইনে ২, অষ্টগ্রামে ২ এবং পাকুন্দিয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল কাদির (৬৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি এলংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
জেলা পুলিশ জানিয়েছে, আব্দুল কাদিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।




