কেন্দুয়ায় মোটরসাইকেল শোডাউন, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা মহসিনের

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান মহসিন। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল শোডাউন ও সন্ধ্যায় জনসভা করেন তিনি।

মহসিন কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী খানের ছেলে। মঙ্গলবার বিকেলে সান্দিকোনা খেলার মাঠ থেকে তাঁর সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে সন্ধ্যায় মডেল বাজারে গিয়ে শেষ হয় শোডাউনটি।

পরে মডেল বাজারে আয়োজিত জনসভায় মাহবুবুর রহমান খান মহসিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি এই শোডাউনের আয়োজন করেছেন।

২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে মহসিন দাবি করেন, ওই নির্বাচনে তিনি সাত হাজার ভোট পেয়েছিলেন। তাঁর অভিযোগ, তিন হাজারের বেশি ভোট পাওয়ার পরও তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এ ক্ষেত্রে তৎকালীন সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের প্রভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নির্বাচনে বঞ্চিত হয়েছিলেন।

মহসিন আরও বলেন, ওই নির্বাচনের পর থেকে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলীয় আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে সান্দিকোনা ইউনিয়নের জনগণ তাঁকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে সান্দিকোনা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন বলে জানান মহসিন। পাশাপাশি ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ, ঝগড়াঝাটি ও মামলা-সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়া এবং ইউনিয়নবাসীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top