গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
রবিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে রাত পর্যন্ত তিনি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এবিএম শহিদুল আমিন, রফিকুল ইসলাম, মৎসজীবী দলের রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, দরবস্ত সাম্প্রদায়িক সম্প্রতির একটি ইউনিয়ন। এখানে যে যেই ধর্মেরই হোক না কেন সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মালম্বীদের শান্তিপূর্ণ পূজা উদযাপনে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে গাইবান্ধা-৪ আসনের সাংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন আপনাদের পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা সবাই সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আর্শিবাদ করবেন।
তিনি দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় পর্যায়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।




