চুয়াডাঙ্গায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, সানরাইজ ক্লিনিককে জরিমানা:-

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত সানরাইজ মেডিকেল সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝুঁকিপূর্ণ বর্জ্যসহ সব ধরনের মেডিকেল বর্জ্য একই বিনে (ঝুড়িতে) রাখার অপরাধে এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ক্লিনিকটির ম্যানেজার সুমিত বড়ুয়াকে এই জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া আগামী ১০ দিনের মধ্যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় রঙভিত্তিক (কালার কোডেড) বিন ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নাইম হোসেন। পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানিয়েছে, মেডিকেল বর্জ্যের কারণে পরিবেশদূষণ রোধে জেলায় এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top