ময়মনসিংহের হালুয়াঘাট ফুলপুরের সীমান্তে বড়ইকান্দি-শাকুয়াই সেতুর নির্মাণকাজ গত দুই দিন ধরে বন্ধ রেখেছে স্থানীয় একদল কথিত জমি মালিক। ঠিকাদার প্রতিষ্ঠান ট্রাকভর্তি সেতুর নির্মাণসামগ্রী ও মালামাল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও সালাম-কালাম গংদের বাধার মুখে তা আনলোড করতে পারছে না। ফলে সেতুটির নির্মাণকাজ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসীদের অভিযোগ, সরকার সেতুর প্রয়োজনীয় জমি এখনও আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ না করার সুযোগ নিচ্ছেন সালাম ও কালামসহ তাদের পক্ষের লোকজন। তারা সেতুর ঠিকাদারকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা ও পায়তারা চালাচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
সমস্যা সমাধানের লক্ষ্যে আজ বিকেলে ঠিকাদার প্রতিষ্ঠান ও জমির মালিক পক্ষের মধ্যে স্থানীয়ভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় সেতুর নির্মাণকাজ থমকে রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুর কাজ এভাবে আটকে যাওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সেতুটির নির্মাণকাজ পিছিয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যাহত হচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী, যাতে দ্রুত বাধা অপসারণ করে সেতুর কাজ পুনরায় চালু করা সম্ভব হয়।


