নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে জেলার নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপনির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ঠাকুরগাঁওয়ের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি ও সমন্বয় জোরদার করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।




