ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় চলমান ডেঙ্গু পরিস্থিতি, নাগরিক দুর্ভোগ ও স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘প্রশাসকের ঘুম ভাঙানো’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলেও শুধু সরকারি পরিসংখ্যানের ওপর নির্ভর করলে প্রকৃত চিত্র উঠে আসে না। সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হচ্ছেন, সেটিই গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। জনগণ যথাযথ ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রত্যাশা করে বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তানহা শান্তা। তিনি জেলা প্রশাসনের দায়িত্ব ও কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এবং জনগণের স্বার্থে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বক্তব্যে মাহমুদ হাসান সুহেল বলেন, “আমরা কথা বলি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের হয়ে। যেখানে সিটি করপোরেশনের অধীনে ওয়ার্ডগুলোতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, সেখানে শুধু পরিসংখ্যান দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝানো সম্ভব নয়। সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার প্রত্যাশা রাখে।”
কর্মসূচিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতৃবৃন্দ বলেন, দলটি নতুন এবং সাংগঠনিকভাবে তুলনামূলক ছোট হলেও জনগণের অধিকার, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যার প্রশ্নে তারা আপসহীন। তারা বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই, আমরা জনগণের পক্ষে। আমরা সংঘাত চাই না, চাই জবাবদিহিতা; শুধু সমালোচনা নয়, আমরা সমস্যার সমাধান চাই।”
তারা আরও বলেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। তাই জনগণের সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। প্রশাসন ও সিটি করপোরেশন মাঠে কার্যকরভাবে কাজ করলে এনসিপি জনগণের স্বার্থে সহযোগিতা করতে প্রস্তুত।
কর্মসূচির তৃতীয় দিনে জেলা প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে এনসিপির নেতৃবৃন্দ ধন্যবাদ জানান। একই সঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনকেও ডেঙ্গু পরিস্থিতিতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার জন্য ধন্যবাদ জানানো হয়।
এনসিপির নেতৃবৃন্দ বলেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও জনগণের স্বার্থে প্রশাসন, সিটি করপোরেশন ও রাজনৈতিক শক্তিগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।




