জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সার্বিক নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদ সদস্যদের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম, সংসদ সদস্য সাঈদ আল নোমান, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং সংসদ সদস্য আন্না মিন্জ। এই নবগঠিত কমিটির সচিব হিসেবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।
গঠিত এই কমিটির মূল কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’ শীর্ষক আধুনিকায়নের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। এর পাশাপাশি দেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর ই-পার্লামেন্ট গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় যাবতীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে এই কমিটিকে।
এছাড়া ই-পার্লামেন্ট প্রকল্পের কাজ সুষ্ঠু ও মসৃণভাবে এগিয়ে নেওয়ার স্বার্থে কমিটি চাইলে প্রয়োজন অনুসারে পরে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।



