জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সৈকত আলী (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌর শহরের ডাকপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈকত আলীকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযোগের বিষয়টি আমলে নিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সৈকত আলী দেওয়ানগঞ্জ পৌরসভার ডাকপাড়া এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ক্রয়-বিক্রয় রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবহার ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখাতে হবে।




