দেশের সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ।।

 দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।

 

যে তিনটি বই সংগ্রহ করতে হবে

 

নির্দেশনায় উল্লেখ করা তিনটি বই হলো—প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’। অন্য বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।

 

প্রকাশনা সংস্থার আবেদনে প্রতিমন্ত্রীর সুপারিশ

 

নথি পর্যালোচনায় দেখা গেছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে সব মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

 

ওই চিঠিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত নিজের স্বাক্ষর, তারিখ ও সরকারি সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন। পরবর্তীতে প্রতিমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।

 

প্রকাশনা সংস্থার পক্ষ থেকে আবেদনে দাবি করা হয়, চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য বইগুলো পাঠ করা সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে।

 

প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশ বাতিলের তিন মাস পর নতুন উদ্যোগ

 

প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই তিনটি বই রাখার নির্দেশ জারির পর তা বাতিলের প্রায় তিন মাসের মাথায় মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরির ক্ষেত্রে নতুন নির্দেশনা এলো।

 

এর আগে গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই তিনটি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্যাপক আলোচনা-সমালোচনার পর গত ৬ জুলাই নির্দেশনাটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

আগেও রাজনৈতিক ব্যক্তিত্বদের বই কেনার নির্দেশ

 

সরকারি অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সংগ্রহের নির্দেশ দেওয়ার নজির অতীতেও রয়েছে।

 

২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল।

 

এ ছাড়া ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক আমলার লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।

 

নতুন নির্দেশনার ফলে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারগুলোতে বই তিনটি সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

বি: দ্র: ছবি সংগৃহীত।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে

Scroll to Top