ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় বেকারিটির কারখানায় পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা দিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার এলহামপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারির (স্বত্বাধিকারী আলী আজগর) কারখানায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। অভিযানকালে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করত বেকারিটি। পরে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে ডিমের দুর্গন্ধ দূর করে সেগুলো খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হতো।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মর্মে মুচলেকা দেন বেকারির মালিক।
অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।




