রাজশাহীর বাঘায় পদ্মা নদীর পানি বাড়তে থাকায় পাকা সড়ক ডুবে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এতে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর, দাদপুর, চকরাজাপুর, কালিদাসখালীসহ ১৫টি চরের মানুষ প্লাবনের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে চকরাজাপুর-খয়েরহাট খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে পানি প্রবাহিত হতে দেখা গেছে। কোথাও কোথাও সড়কের ওপর হাঁটুসমান পানি জমেছে। ফলে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়েই চলাচল করছেন চরবাসী।
স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়ছে। পানি আরও বাড়লে চরাঞ্চলের নিম্নভূমি ও বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চরবাসীরা জানান, প্রতিবছর বর্ষায় নদীর পানি বাড়লে ভাঙন ও প্লাবনের আতঙ্ক তৈরি হয়। এরই মধ্যে গত কয়েক বছরে নদীভাঙনে বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও আবাদি জমি বিলীন হয়েছে।
পানি আরও বাড়ার আগেই ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার ও চরবাসীর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



