পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিসের প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু প্রশাসননির্ভর না করে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক আবু সাঈদ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় জেলা প্রশাসনের চলমান পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা গেলে পিরোজপুরে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।
পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top