মো: নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগানকে ধারণ করে পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে যাত্রা শুরু করলো নতুন দৈনিক ‘জনপথ প্রতিদিন’।
মঙ্গলবার (২১ অক্টোবর) পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনা করেন দৈনিক জনপথ প্রতিদিন’র প্রকাশক মো. নাঈম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, মনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু, খেলাফত হোসেন খসরু, এস এম তানভীর আহমেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেন। তারা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষা করা। নতুন এই পত্রিকা সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও আশা করেন, ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরবে। একই সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করেন, স্থানীয় মানুষের প্রত্যাশা, অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মধ্য দিয়ে ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫




