শেয়ার করুন

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা

‎শুক্রবার (২৭শে নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলাধীন বোয়ালিয়া বাস স্ট্যান্ডের সন্নিকটে পাইকান্দি নতুন রাস্তার মাথায় অনাকাঙ্ক্ষিত এক নাশকতার ঘটনা ঘটে। মহাসড়কের ওপর একটি বড় গাছ কেটে ফেলে যান চলাচলের পথ রুদ্ধ করার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হয়।
‎
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই থেকে তিনজন দুর্বৃত্ত অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইলেকট্রিক করাত ব্যবহার করে গাছটি কেটে ফেলে এবং দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই মধুখালী থানা পুলিশ, করিমপুর হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
‎
‎ঘটনার প্রত্যক্ষদর্শী মাগুরামুখী ট্রাকচালক নাইম জানান, তিনি নিজের চোখে দেখেছেন কীভাবে মোটরসাইকেলে আসা যুবকরা ব্যাগের ভেতর থেকে ইলেকট্রিক করাত বের করে মুহূর্তের মধ্যে গাছটি কেটে রাস্তা বন্ধ করে দেয়। তার ভাষ্যমতে, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং পরিকল্পিত কোনো বড় অঘটন ঘটানোর প্রাথমিক ধাপ হতে পারে।
‎
‎এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। পুলিশের প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণ অনুযায়ী, এটি মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে চালানো একটি নাশকতা হতে পারে। পুলিশের দ্রুত উপস্থিতির কারণে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতার পরিকল্পনা করেছিল, তা উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top