বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুরে পূজা উদযাপন ও মন্দির পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পুলিশের নেওয়া নিরাপত্তা পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী শীতলা মন্দির ও কেন্দ্রীয় কালিবাড়ি শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। পরে ভাণ্ডারিয়া উপজেলার মেদিরাবাদ এলাকার স্বর্গীয় শ্রীনাথ মৃধা সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির এবং শ্রী শ্রী মদনমোহন জিউ দুর্গামন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মো. জুলফিকার আলী হায়দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের শারদীয় দুর্গাপূজা মহাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পিরোজপুর জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, এ বছর পিরোজপুর জেলায় ৪৬৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
পরিদর্শনকালে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top