বালিয়াকান্দিতে ১.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বেসরকারি উদ্যোগে ১ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন চীনের সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লুসান সোলারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রকল্পটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় সরবরাহের নতুন সুযোগ তৈরি হতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলাকায় প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। তিন সদস্যের এ দলের নেতৃত্ব দেন ব্লুসান সোলারের মহাব্যবস্থাপক মিসেস পুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় প্রতিষ্ঠান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে দক্ষিণবাড়ী এলাকায় প্রায় সাড়ে তিন একর জমির ওপর সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৫ মেগাওয়াট।
প্রকল্পের স্থান পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ফারহাদ চৌধুরী। এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি এবং সৌর প্যানেল সরবরাহের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
আলোচনায় চীনে উৎপাদিত সোলার ফটোভোলটাইক (পিভি) প্যানেল বাংলাদেশের বাজারে সরবরাহের বিষয়টিও উঠে আসে। পাশাপাশি সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বালিয়াকান্দিতে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ার সুযোগ তৈরি হতে পারে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top