বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলা বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিখোঁজের তিন দিন পর ইসমাইল (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে হঠাৎ নিখোঁজ হয় শিশু ইসমাইল। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তিন দিন পর একই এলাকার একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নান্নুর ছেলে রোকনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রোকনের বিরুদ্ধে মাদকাসক্তি ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া নিহত শিশুর বাবা আকবরকে কয়েকদিন আগে রোকন হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ আলী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top