মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে নামছেন, আইনশৃঙ্খলা বাহিনী নীরব কেন: জাবের

মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে যাচ্ছেন, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে আছে, এমন মন্তব্য করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সাংকদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণ করবার জন্য এগিয়ে যাচ্ছে, অথচ দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চুপচাপ বসে আছে। তো তারা আসলে কি সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য চেষ্টা করছে কিনা, সেটাও আমাদের একটা বুঝবার বিষয়।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সরকারের পক্ষে কার্যকরভাবে এগিয়ে যাওয়া সম্ভব। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও কেন এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি, কিংবা কোন কারণে তা আটকে আছে, সরকারকে তা স্পষ্ট করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে অনিচ্ছুক হলে সেটিও পরিষ্কারভাবে জানানো উচিত।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার এবং ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছেন, তাঁদের উচিত সেই আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জে এ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে জেলা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top