মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর বাজারে এক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় ছাগলনাইয়া থানা ও শুভপুর বিট পুলিশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি শুভপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভপুর বাজার কমিটির সভাপতি স্বপন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আওয়াল।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাস্টার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম শাকিল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।




