টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী একটি সেলোমেশিন চালিত নৌকা ডুবে সাধন রাজবংশী (৬৫) নামের এক বৃদ্ধ জেলে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। শুক্রবার(৭আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ‘সুতানুড়ী’ এলাকা সংলগ্ন ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাধন রাজবংশী উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া বানকাটা গ্রামের ঝুগুরি রাজবংশীর ছেলে।
স্থানীয় সূত্র ও নিখোঁজের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে ফতেপুর বাজারের দিকে রওনা হন সাধন রাজবংশী। পথিমধ্যে ‘সুতানুড়ী’ এলাকা থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে সেলোমেশিন চালিত নৌকাটি ফতেপুর বাজারের দিকে রওনা দেয়। কিন্তু ছাড়ার অল্প কিছু দূর যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝপথে নৌকাটি হুট করে ডুবে যায়।
নৌকাডুবির সাথে সাথে নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও, সাধন রাজবংশী তীব্র স্রোতের মুখে পড়েন। একপর্যায়ে নদীর পানিতে কিছু দূর ভেসে যাওয়ার পর সবার চোখের সামনেই তিনি পানির তলদেশে তলিয়ে যান।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, নৌকাটা ছাইড়া অল্প একটু গেছিল, হঠাৎ কইরাই তলায়া যায়। সবাই সাঁতরায়া পাড়ে উঠলেও সাধন কাকা স্রোতের লগে পাইরা ওঠেন নাই। চোখের পলকে ভাইসা গিয়া তলায়া গেলেন।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে হাত বাড়ান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে নদীতে অতিরিক্ত স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাধ্য হয়ে বেলা একটার দিকে ডুবুরি দল সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার মো. ইসমাইল হোসেন জানান, নদীর বর্তমান গতিপথ ও তীব্র স্রোতের কারণে পানির নিচে কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। উক্ত ঘটনার ২৬ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ লোকটির সন্ধান পাওয়া যায়নি।




