‘রক্তের উত্তরাধিকার বৃথা যায় না’, ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সেখানে ইশরাকের ভুলত্রুটি শুধরে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী নেতা হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

প্রিন্স মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘খোকা ভাইয়ের (ইশরাক হোসেনের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে- “রক্তের সাথে রক্তের টান”থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এই অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’

ইশরাকের রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বের সম্ভাবনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা না, বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালীন সময়ে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’

প্রিন্স মাহমুদের এই বক্তব্যে ইশরাকের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা ফুটে উঠেছে। একই সঙ্গে সংকটের সময়ে ইশরাকের পাশে থাকার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এর আগে সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। পরে তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তার হাতে অস্ত্র দেখা যায় বলে অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় তার এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এ খবর প্রকাশের পর ইশরাক তা অস্বীকার করেন। তার পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

শেষ পর্যন্ত সোমবার সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করায় এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইশরাক। তার পদত্যাগের পর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা ২৪ থেকে কমে ২৩ জনে দাঁড়িয়েছে।

ইশরাকের পদত্যাগের পর প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার উপলক্ষ তৈরি করেছে। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিজেকে আরও পরিণত নেতা হিসেবে গড়ে তোলার যে প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন, সেটিই তার বক্তব্যের মূল সুর।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top