বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যেই চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত চলছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান (শিমুল) শিকদার, এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ রাজন শিকদার।
তিনজনই দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত এই তিনজনই নির্বাচনে অংশ নিলে রহমতপুর ইউনিয়নে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, এবার উন্নয়ন, সুশাসন, জনসম্পৃক্ততা এবং জনপ্রিয়তাই হবে নির্বাচনের মূল আলোচ্য বিষয়। বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের মধ্যেও নির্বাচনী প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে।
তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত করেননি। তফসিল ঘোষণার পরই প্রার্থীদের চূড়ান্ত অবস্থান ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।