“মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”—এই প্রতিপাদ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন- মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক নির্মূল শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি মাদকসংক্রান্ত তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান এবং কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ ও র্যালিতে বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর সামাজিক প্রভাব তুলে ধরে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।
অনুষ্ঠানে সামরিক বাহিনী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




