রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২) এবং একই থানার সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মোঃ আজমত আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোয়েবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মোট সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা কুষ্টিয়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজার চালান দৌলতদিয়া এলাকায় নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক এবং মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *