লালপুরে আড়াই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী এবং ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,

নাটোরের লালপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গাইবান্ধার সাদুল্যাপুর থেকে গাঁজা সরবরাহ করতে আসা স্বামী-স্ত্রী এবং লালপুরের গাঁজা গ্রহণকারী এক ব্যক্তিও রয়েছেন। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও একটি লেডিস ব্যাগ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর থানার এসআই মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন দায়িত্ব পালনকালে গোপালপুর বেলগেটসংলগ্ন হযরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রহ.) ওরফে বুড়া পীর সাহেবের মাজার জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়।
এ সময় বনপাড়ার দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলের চালক ও পেছনের সিটে থাকা এক নারী যাত্রীর মাঝখানে থাকা নেভি ব্লু রঙের একটি লেডিস ব্যাগে পলিথিন ও স্বচ্ছ টেপে মোড়ানো পাঁচটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাগুলো খুলে ২ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. আহসান হাবীব (৪৫) ও তার স্ত্রী মোছা. আরফিনা বেগমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। আহসান হাবীব গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইসবপুর গ্রামের এবং আরফিনা বেগম উত্তর ফরিদপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গাঁজা গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লালপুরের মনিহারপুর গ্রামের মো. রাজিব শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মনিহারপুর গ্রামে তার শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি Discover 100cc মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন এবং একটি নেভি ব্লু রঙের লেডিস ব্যাগ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. আল মাসুম বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করেছেন। লালপুর থানার মামলা নম্বর-০৬, তারিখ ৮ আগস্ট ২০২৬।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আহসান হাবীবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডাকাতি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এছাড়া রাজিব শেখের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের একটি মামলা রয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনকে শনিবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা