লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তিলকপুর ঘাট সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেন। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের মধ্যে রবিন(২৩),পিতা-আঃ সালাম গ্রাম – মসলেমপুর, উপজেলা-ভেড়ামারা ও তাজমুল আহমেদ (২৮) পিতা- মৃত আমিরুল খামারু, গ্রাম তিলকপুরকে – তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং আমিরুল(২২) পিতা- আনোয়ার হোসেন , গ্রাম- রহিমপুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহযোগিতায় লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পদ্মা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top