বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানের তোপের মুখে পড়েছে অবৈধ মৎস্য শিকারিরা। নদীর বুকে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নদী থেকে উদ্ধার করা প্রায় দুই হাজার মিটার ক্ষতিকারক কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা সেতু সংলগ্ন সুগন্ধ্যা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে সুগন্ধ্যা নদীতে বিশেষ তদারকি চালিয়ে ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আটককৃতদের নিকট থেকে জব্দকৃত দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন। অসাধু মৎস্য শিকারিদের হাত থেকে নদী ও ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।



