খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা প্রাকৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে মফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ৬০ কেজি ঝিনুক জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মফিজুল ইসলাম কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা ঝিনুক পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ কেজি ঝিনুকসহ মফিজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশনের বনপ্রহরী মো. রবিউল ইসলাম। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে আরও অংশ নেন স্টেশনের স্টাফ মশিউর রহমান, নীলিমেষ বৈরাগী, আসাদুজ্জামান এবং কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসকারী এবং প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




