লালপুর থানা পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে চুরি হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
লালপুর থানার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।
থানা সূত্রে জানা যায়,২৯ জুলাই পর্যন্ত অর্থাৎ জুলাই মাসে মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়া অভিযোগ হয়েছে ৪৯ টি এবং উদ্ধার করা হয়েছে ২০টি মোবাইল ফোন।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী মোঃ মিঠুন আলী লালপুর থানার পেশাদারিত্ব, আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলার গৌরীপুর গ্রামের নিমাই চন্দ্র জানান, ৭ মাস আগে আমার মেয়ের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল অভিযোগ করেছিলাম অবশেষে লালপুর থানার সহযোগিতায় মোবাইল ফোন ফেরত পেলাম আমি খুবই আনন্দিত এবং লালপুর থানার সকলের প্রতি কৃতজ্ঞ।
লালপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমাল রক্ষা, হারানো সম্পদ উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানানো হয়।











