‘১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে’

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, ‘১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতনে ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে কিংবা নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ছাত্রদলের সঙ্গে জড়িত নেতাকর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না। বরং তারা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, নির্বাচনে অংশ নিতে হলে তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ফেলে দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।’

হাইমচরে তারেক রহমানের চিন্তাভাবনা ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।

এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশী এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top