যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ (আঠারো) পিস স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় শার্শা থানাধীন খাজুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক ও এসআই (নিঃ) শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ আলাউদ্দীনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন অজ্ঞাতনামা আসামি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার এবং অপরাধে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, পলায়নকৃত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




