সারের ডিলারশিপ পেলেন এমপি জসিমের পিএস, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের পিএস ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কুমিল্লা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাকশিমুল ইউনিয়নে এমপির পিএস ছাড়াও বুড়িচং পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের ভাগনে আ.লীগ নেতা বাবুল আলম ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই আওয়ামী লীগ সমর্থক সাদেকুর রহমান, ষোলনল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল বেগ, মোকাম ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ডিলারশিপ পেয়েছেন।

এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, সারের ডিলারশিপ পাওয়া মো. মোশাররফ হোসেন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে এমপি জসিম উদ্দিনের পিএস। এমপির পিএস হিসেবে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন; তাহলে তাকে কেন সারের ডিলারশিপের দিকে নজর দিতে হবে? সারের ডিলারশিপ পাবেন দলীয় ত্যাগী নেতাকর্মীরা। তিনি পূর্বে ছাত্রলীগ করেছেন এবং শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা নেতাদের সঙ্গে তার শত শত ছবি ফেসবুকে ভাইরাল রয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন সেন্টু লেখেন, আমাদের মাননীয় হাজী জসীম উদ্দীন জসিম এমপি সাহেবের থেকেও বুড়িচং উপজেলায় অনেক বড় নেতা আছে। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে নিবেদিত কর্মী হিসেবে ১০ লাখ টাকার কাছে আর আওয়ামী লীগের কাছে হেরে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমিন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিম বলেন, সে (মোশাররফ হোসেন) দরখাস্ত করেছে কি না, আমি জানি না। আমি এ বিষয়ে কোনো তদবির করিনি।

এদিকে সারের ডিলারশিপের বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন জসিমের ব্যক্তিগত সহকারী মো. মোশাররফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top