অর্থ ছাড়া সেবা মেলে না সরকারি দপ্তরে- ড. ইলিয়াস মোল্যা এমপি 

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী সরকারি কলেজ শাখার উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর ভাষ্য, “তোমাদের পড়াশোনার পেছনে দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বড় অবদান রয়েছে। অথচ দুঃখের বিষয় হলো— এসব সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক সময় অর্থ ছাড়া সঠিক সেবা পান না। এই আমূল পরিস্থিতি ও ব্যবস্থার পরিবর্তনে সমাজে সৎ, যোগ্য ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলা প্রয়োজন।”
ড. ইলিয়াস মোল্লা আরও জানান, “মানুষের প্রকৃত সেবা করতে হলে পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জীবনের শুরুতেই সঠিক লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারো।”
বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আহমেদ জারিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী এবং ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. কামাল হোসাইন, বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা, জেলা কলেজ সম্পাদক মো. শাহাবুদ্দিন এবং বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. অহিদুজ্জামান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top