সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ সুধীর সরকার।
অভিযুক্তরা হলেন, মুন্টু সরকার, উৎসব সরকার, স্বপনীল সরকার, আনিক সরকার, উৎপল সরকার ও গোবিন্দ চান সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজানগর এলাকার বাসিন্দা সুধীর সরকারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকাল ৮টার দিকে তাঁর জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ফুলগাছ সতীশ সরকার জোরপূর্বক তুলে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বসতবাড়িতে গিয়ে গালিগালাজ করেন।
সুধীর সরকার অভিযোগে উল্লেখ করেন, গালিগালাজ করতে নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে এবং তাঁর দুই ছেলে সুমন সরকার ও সুকমল সরকারকে হাতুড়ির হাতল ও কাঠের ডান্ডা দিয়ে মারধর করেন। এ সময় কিল-ঘুষি ও লাথি মেরে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top